,
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে যাত্রীবাহী একটি ফেরিতে ভয়াবহ আগুনের ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৪৩ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও ৮৭ জন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে দেশটির পালাওয়ান দ্বীপের করোন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার নামের ফেরিটিতে আগুন লাগে।
ফিলিপাইনের কোস্ট গার্ডের বরাত দিয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
কোস্ট গার্ড জানায়, আগুন লাগার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। বুধবার রাতেই ৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকারীরা ফেরিটি থেকে কয়েকটি মরদেহও উদ্ধার করেছেন।
কোস্ট গার্ডের মুখপাত্র কমোডর নোয়েমি কায়াবিয়াব ডিজেডএক্সএল রেডিওকে জানান, ফেরিটির যাত্রী তালিকায় ১১৭ জন যাত্রী এবং ১৭ জন ক্রুর নাম ছিল। অর্থাৎ ফেরিটিতে মোট ১৩৪ জন ছিলেন।
কোস্ট গার্ডের প্রকাশ করা ভিডিওতে ফেরিটির বিভিন্ন অংশে আগুন জ্বলতে দেখা গেছে। পাশাপাশি উদ্ধারকর্মীদের মরদেহ উদ্ধার করতেও দেখা যায়।