রাত ৯:১২, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজেদের সম্পর্কের নতুন অধ্যায়ের কথা আনুষ্ঠানিকভাবে জানালেন দক্ষিণি সিনেমার জনপ্রিয় দুই তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। এতদিন ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে খুব বেশি কিছু না বললেও রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক যৌথ বার্তায় তাঁরা বিয়ের ঘোষণা দেন। এতে ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো।
ভক্তদের দেওয়া জনপ্রিয় নাম ‘বিরোশ’—দুজনের নামের সংমিশ্রণে তৈরি এই সম্বোধনকেই তাঁরা বিশেষভাবে উল্লেখ করেছেন ঘোষণায়। বার্তায় তাঁরা জানান, শুরু থেকেই ভক্তরা তাঁদের পাশে ছিলেন এবং ভালোবাসা দিয়ে এই নামটি উপহার দিয়েছেন। জীবনের গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তের মুহূর্তে সেই নামকেই আপন করে নিয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন অনুসারীদের প্রতি।
ঘনিষ্ঠ সূত্রের তথ্য অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের একটি প্রাসাদে অনুষ্ঠিত হবে মূল বিয়ের আনুষ্ঠানিকতা। ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিয়ের বিভিন্ন আচার-অনুষ্ঠান। দুই পরিবারের নিজস্ব রীতিনীতি মেনে আলাদা আয়োজনের ব্যবস্থাও রাখা হয়েছে। পুরো আয়োজন ঘিরে থাকছে কঠোর গোপনীয়তা। ভেন্যুতে থাকবে উচ্চ নিরাপত্তা ব্যবস্থা, অতিথি তালিকাও সীমিত। অনুষ্ঠানে মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে এবং যারা ছবি বা ভিডিও ধারণের দায়িত্বে থাকবেন, তাঁদেরও গোপনীয়তা চুক্তিতে সই করতে হয়েছে বলে জানা গেছে।
বিয়ের অনুষ্ঠানটি একান্ত ব্যক্তিগত পরিসরে হলেও, ৪ মার্চ হায়দরাবাদে বন্ধু ও চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীদের জন্য একটি সংবর্ধনার আয়োজন হতে পারে বলে শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত গীতা গোবিন্দাম ছবিতে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেন রাশমিকা ও বিজয়। রোমান্টিক ঘরানার এই ছবিতে তাঁদের পর্দার রসায়ন দর্শকের নজর কাড়ে এবং বক্স অফিসেও সফলতা পায়। পরে ডিয়ার কমরেড ছবিতে আবারও জুটি বেঁধে অভিনয় করেন তাঁরা। ভিন্ন স্বাদের এই গল্পে তাঁদের আবেগঘন অভিনয়ও প্রশংসিত হয়।
এই দুই ছবির পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে ভক্তমহলে নানা আলোচনা শুরু হয়। একসঙ্গে ভ্রমণ, পারিবারিক অনুষ্ঠানে উপস্থিতি কিংবা একই সময়ে একই স্থানে ছুটি কাটানোর নানা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।